শেখ নুরইসলাম, বাগেরহাট সদর
সুন্দরবন সুরক্ষা প্রকল্প’ নামে ১৫৭ কোটি ৮৭ লাখ টাকা ব্যায়ে ‘একটি প্রকল্প নেওয়া হয়েছে।খুলনা ও বরিশাল বিভাগের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর ও বরগুনা জেলার মোট ৩৯টি উপজেলা ঘিরে প্রকল্পটি বাস্তবায়িত হবে। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের ওপর দেশের প্রায় ৩০ লাখ মানুষের জীবিকা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল। স্থানীয়রা ইদানীং এ বন থেকে মাছ, মধু, মোম, গাছ, ঔষধি গাছ, চিংড়ি, কাঁকড়া অতিমাত্রায় আহরণ করছে বলে বনটির প্রতিবেশগত ভারসাম্য হুমকির মুখে। এ কারণেই সুন্দরবনের বন্যপ্রাণী জরিপ এবং জলজ সম্পদের পরিমাণ নিরূপণের উদ্যোগ নিয়েছে সরকার। একইসঙ্গে জলবায়ু পরিবর্তনে মাটি ও পানির লবণাক্ততা পরীক্ষা ও জরিপ করা হবে।
প্রকল্পের মাধ্যমে সুন্দরবনের ল্যান্ডস্কেপ জোনে বন পুনঃপ্রতিষ্ঠা, বন্যপ্রাণীর আবাসস্থল উন্নয়ন, বনায়ন ও সবুজ বেষ্টনী তৈরি হবে; বিজ্ঞানভিত্তিক সমন্বিত বন ব্যবস্থাপনা অব্যাহত রাখার লক্ষ্যে বিদ্যমান বিভিন্ন মেয়াদী ইন্টিগ্রেটেড রিসোর্স ম্যানেজমেন্ট পরিকল্পনা আগামী কয়েক বছরের জন্য হালনাগাদ করা হবে। সুন্দরবনের নদী, খাল ও পুকুর ইত্যাদি খনন-পুনঃখননের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
বাংলাদেশ বন অধিদফতর প্রকল্পটি বাস্তবায়ন করবে। সরকারের নিজস্ব অর্থায়নে গ্রহণ করা প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) মঙ্গলবার (৫ জানুয়ারি) সভায় অনুমোদন পেয়েছে।


0 মন্তব্যসমূহ