শেখ নুরইসলাম
আচ্ছা দাদু বলো দেখি
পিঠা কাকে বলে?
সেকি ঝোলে গাছের ডালে
নাকি ক্ষেতে ফলে।
বুঝলে নাতো আরে বাবা
চ্যাপ্টা লম্বা গোল,
অনেকটা এই আলুর মতো
কিংবা ধরো পটোল।
খেতে নাকি দারুণ লাগে
মিষ্টি স্বাদে ভরা,
দাঁড়াও তোমায় ছবি দেখাই
মোবাইলে লোড করা।
দাদু বলে বলিস কিরে
এলো এমন দুঃসময়!
ছবি দেখে চিনতে হবে
পিঠে কারে কয়।
নাতি বলে কেন দাদু!
দেখেছো কি তাকে,
দাদু বলে শুধো গিয়ে
তোর দাদিমাকে।
নাতির কথা শুনে বুড়ি
হেসেই হলো খুন,
রেগেমেগে বলে শেষে
তোর ফোনে আগুন।
আর ক'টাদিন অপেক্ষা কর
পৌষ মাসের শেষে,
পিঠা-পুলি কাকে বলে
নিজেই দেখিস এসে।
আজকে বুড়ির পড়ছে মনে
পুরান দিনগুলি,
পোষের শেষে "পোষ পার্বণ"
পায়েস পিঠা পুলি।
হয়তো নাতি আসলে এবার
পিঠে পুলি খাবে,
নাতির ঘরের পুতিরা সব
ছবিই শুধু পাবে।

0 মন্তব্যসমূহ