কর্পূরের মিইয়ে যাওয়া ঘ্রাণে মৃত্যু শুঁকি জ্যোৎস্নাবিলাসে
অমাবস্যার ঘোর অনামিশায় মৃত্যু হয়েছিল যে হৃদয়ের;
প্রবঞ্চনা, অবিশ্বাস, মিথ্যের প্রলেপ এবং কথার আঘাতেরা--
শকুনের বেশে খামচে ধরেছিল ওষ্ঠ, ললাট, হৃৎপিন্ড আর বুকের পাঁজরা!
রক্তাক্ত-ছিন্ন-বিচ্ছিন্ন বিভৎস কি করুণ মৃত্যু!
থমথমে; গম্ভীর; সুদীর্ঘ সেই শোকমিছিলে কালোব্যাজ ধারণ করে কবিতারা,
উপাখ্যানে রচে কর্পূর,
শব্দের শৃঙ্খল সাদা কাগজে কলমের খোঁচায় রচে কবর।
দাফন হয় হৃদয়ের;
সেদিন থেকে মৃত্যু শুঁকি জ্যোৎস্নায়, কবিতায়, চোখের শিশিরে, দীর্ঘশ্বাসের অনলে।
মৃত্যু হয়না প্রাণের!
প্রাণের মৃত্যু হয়না শব্দ-বিন্যাসে--
এ জ্যোৎস্নাবিলাসে!
লেখিকাঃআরিফা সানজিদা।
লোকপ্রশাসন বিভাগ।
বরিশাল বিশ্ববিদ্যালয়

0 মন্তব্যসমূহ