নিজস্ব প্রতিবেদক
১০ ডিসেম্বর বিকাল ৩ টায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার উদ্যোগে, জেলা আমীর মাওলানা এমরান হুসাইনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, জেলা সহকারি সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, অধ্যক্ষ গাওসুল আযম হাদি, মাস্টার শেখ সিরাজুল ইসলাম প্রমুখ।
সভাপতি তার বক্তব্যে বলেন, আজ দেশে বিদেশে মানবাধিকারের চরম লঙ্ঘন হচ্ছে। খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সহ মৌলিক নাগরিক অধিকার থেকে আজ আমরা বঞ্চিত। সাধারণ নাগরিক তার নাগরিক অধিকার ভোগ করতে পারছেনা। সভা-সমাবেশের অধিকার খর্ব করা হচ্ছে। ভোটের অধিকার থেকে দেশের নাগরিকদের বঞ্চিত রাখা হচ্ছে। গনতন্ত্রকে নির্বাসন দিয়ে একদলীয় শাসন কর্তৃত্ব চাপিয়ে দেয়া হয়েছে। বিচার বিভাগ দলীয় করনের মাধ্যমে বিচারহীনতার সংস্কৃতি চালু করা হয়েছে। ন্যয়ভ্রষ্ট রায়ের মাধ্যমে জামায়াতের নিবন্ধন বাতিল করা হয়েছে। সভা-সমাবেশের উপর প্রশাসনের নগ্ন হামলার ফ্যাসিবাদি চরিত্র দেশের গনতন্ত্রকে ধ্বংস করছে। তিনি বলেন এমন অবস্থায় দূর্বার গন আন্দোলনের মাধ্যমে এই জালিম সরকারের পতন ঘটাতে আমরা ঐক্যবদ্ধ হই।
তিনি বলেন আজ পৃথিবীর দেশে দেশে মুসলমানদের উপর চরম নির্যাতন চলছে। ফিলিস্তিনের মুসলমানদের উপর যে বর্বর হামলা চলছে তাতে বিশ্ব বিবেক হতভম্ব হয়েছে। বিশ্ব মোড়লেরা মুসলিম নিধনে জায়নবাদিদের পক্ষে অবস্থান নিয়ে মানবাধিকারের চরম লঙ্ঘন করে চলেছে। এ অবস্থায় মুসলিম উম্মাহর ঐক্য খুবই জরুরী।

0 মন্তব্যসমূহ