আব্দুল্লাহ্ ইবনে আলমঃ
চাঁদ গো আমার! চাইনা তোমায় -
আকাশ পারেই থাকো,
চাইনা তুমি ধরায় নেমে
মাটি, ধুলা মাখো !
দেখবো তোমায় চেয়ে চেয়ে
জেগে সারা রাতি,
রাখো ভরে আমার জীবন
অমল আলোয় ভাতি।
মোর হৃদয়ের কনক চাঁপা!
শাখার পরেই থাকো,
বৃন্ত হতে ছিঁড়ে তোমায়
কষ্ট দেবো নাকো।
চাইনা তোমার সঙ্গ সুধা,
বিরহ এই ভালো,
থেকে দূরে পরাণে মোর
তোমার সুবাস ঢালো।
পাগল হবো অকারণে
তোমার মোহন রূপে,
সুবাস তোমার মাতোয়ারা
করবে আমায় চুপে!
আমার মনের বনের কোকিল !
দেবো না পায় বেড়ি,
রইবো বসে তোমার আশে
হোক না যতই দেরী।
চাইনা আপন কর্ম ফেলে
শোনাও আমায় গান,
শুনতে তাহা যতই আকুল
হোক না আমার প্রাণ!
সুদূর থেকে শুনবো তোমার
উতল করা বাঁশি,
সেই সুরেতে রব বিবশ
আমি গোকুল বাসী !
শোনো আমার চোখের মণি!
চাইনা তোমায় কাছে,
বন্ধ চোখেই বাসবো ভালো,
অন্ধ বনি পাছে!
সারাটি দিন জপবো বসে
তোমার শুভ নাম,
হন্যে হয়ে খুঁজবো তোমায়
মিথ্যে, অবিরাম!
মগ্ন হয়ে তোমার প্রেমে
আপনি হবো নাশ,
থাকো তুমি সুখে , যা হোক -
আমার সর্বনাশ!

0 মন্তব্যসমূহ