আব্দুল্লাহ আল মামুন
সাতক্ষীরায় পিস্তলসহ ফরিদা খাতুন (৪২) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩০ মে) ভোর রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার আবাদের হাটখোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ফরিদা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার আবাদের হাটের ফজর আলী মিস্ত্রীর মেয়ে।
স্থানীয় অধিবাসী আফজাল হোসেন জানান, স্বামী পরিত্যক্তা ফরিদা তার ছেলে ফারুক হোসেনকে নিয়ে আবাদের হাটখোলায় একটি হোটেলে কাজ করে জীবিকা নির্বাহ করেন।
সদর থানার উপপরিদর্শক আরিফ হোসেন জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদা খাতুন জানিয়েছেন উদ্ধার হওয়া পিস্তল তার ভাই বাঘা মোস্তফা বছরখানেক আগে তার খাটের নীচে মাটির মধ্যে পলিথিন মুড়িয়ে রেখে যায়।
নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের স্থানীয় এক কর্মী জানান, ফরিদার ভাই বাঘা মোস্তফা ২০১৪ সাল পর্যন্ত জামায়াতের রাজনীতির সাথে জড়িত ছিলেন। পরবর্তীতে তিনি আওয়ামী লীগে যোগ দেন। বর্তমানে তিনি ঢাকার একটি পোশাক কারখানায় কর্মরত রয়েছেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম কবীর জানান, বসতঘরের খাটের নীচে মাটিতে অস্ত্র পুতে রাখা আছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর ৩টার দিকে উপপরিদর্শক আরিফ হোসেনের নেতৃত্বে পুলিশ আবাদের হাটখোলার ফজর আলী মিস্ত্রীর বাড়িতে অভিযান চালায়। এ সময় ফরিদা খাতুনের ঘরের খাটের নীচে মাটির মধ্যে লুকিয়ে রাখা একটি পিস্তল উদ্ধার ও ফরিদাকে গ্রেফতার করা হয়।
0 মন্তব্যসমূহ